চট্টগ্রামের মহাসমাবেশে তারেক রহমান
ক্ষমতায় গেলে দুর্নীতির টুঁটি চেপে ধরা হবে
বিএনপি ক্ষমতায় গেলে দুর্নীতির টুঁটি চেপে ধরা হবে বলে ঘোষণা দিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, দেশকে এগিয়ে নিতে বিএনপি যেসব পরিকল্পনা করছে, সেগুলো বাস্তবায়ন করতে হলে দুটি বিষয় অবশ্যই করতে হবে। মানুষের নিরাপদ চলাচল নিশ্চিত করতে হবে। যারা অনৈতিক কাজে জড়িত তাদের ছাড় দেবো না। আমাদের দলের হলেও ছাড় দেওয়া হবে না। এছাড়া যেকোনো মূল্যে দুর্নীতির টুঁটি চেপে ধরতে হবে।

বেগম খালেদা জিয়া ক্ষমতায় থাকাকালে দুর্নীতি নিয়ন্ত্রণ করেছিলেন। দুর্নীতি যেই করুক, যারাই করুক- সবার ক্ষেত্রে আইন সমানভাবে প্রয়োগ করা হবে। কাউকে ছাড় দেওয়া হবে না।

আজ রোববার দুপুরে চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে এক নির্বাচনী মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন। চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি যৌথভাবে এই সমাবেশের আয়োজন করে।
তারেক রহমান সমাবেশে বলেন, বিএনপি একমাত্র রাজনৈতিক দল যারা সরকারের সময়ে দেশের সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করেছে। আমরা দেশের মানুষের শিক্ষা, স্বাস্থ্য ও নিরাপত্তার জন্য সবসময় অঙ্গীকারবদ্ধ ছিলাম। গত ১৬ বছর ধরে দেশের মানুষের রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার, বাক্স্বাধীনতা ও ব্যক্তি স্বাধীনতা হরণ করা হয়েছে। তাই, ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলন এসেছে পরিবর্তনের জন্য।
বাংলাদেশের মানুষ চায় নিরাপদ পরিবেশ, নিরাপদ চাকরি, ব্যবসা-বাণিজ্য এবং সন্তানদের জন্য উন্নত শিক্ষা ও চিকিৎসা সুবিধা। বিএনপি ক্ষমতায় যাওয়ার সুযোগ পেলে এসব পরিকল্পনা বাস্তবায়ন করবে বিএনপি।
এ সময় তিনি দেশের তরুণ প্রজন্মকে সামনে রেখে বিএনপি এসব পরিকল্পনা তৈরি করা হয়ে বলেও জানান। তারেক রহমান বলেন, বিগত বিএনপি সরকারের সময় আমরা আইনশৃঙ্খলা ও দুর্নীতি নিয়ন্ত্রণে সফলভাবে কাজ করেছি এবং ভবিষ্যতেও একইভাবে কঠোর ব্যবস্থা গ্রহণ করব। দুর্নীতির বিরুদ্ধে কোনো ছাড় দেওয়া হবে না। এটি দেশের মানুষের অধিকার সুরক্ষায় অপরিহার্য। সমস্ত পরিকল্পনা বাস্তবায়ন করতে হলে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। বিএনপিকে ভোট দিয়ে জয়ী করতে হবে।
তিনি আরও বলেন, ‘গণতন্ত্রে যারা বিশ্বাস করেন আপনাদের নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়তে আমরা কাজ করবো। এজন্য যারা জীবন দিয়েছেন তাদের স্বপ্ন আমরা বাস্তবায়ন করবো।

তরুণ প্রজন্মকে গুরুত্ব দিয়ে তারেক রহমান বলেন, ‘বর্তমানে জনসংখ্যার অর্ধেক তরুণ, যারা কর্মসংস্থান ও নিরাপদ জীবন চায়। আমরা চেষ্টা করছি দেশের মানুষের জীবনমান উন্নত করতে এবং নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে। বিএনপি সরকারের সময়ে আমরা লক্ষ লক্ষ মানুষকে কর্মসংস্থানের সুযোগ দিয়েছি। চট্টগ্রামের ইপিজেডগুলো সেই কর্মসংস্থানের উদাহরণ।তারেক রহমান বলেন, ‘১৯৭১ সালে দেশের মানুষ স্বাধীনতার জন্য যুদ্ধ করেছে। ২০২৪ সালে মানুষ সেই স্বাধীনতা রক্ষার জন্য আন্দোলন করেছেন, প্রাণ দিয়েছেন। কারণ মানুষ আরেকটি পরিবর্তন চেয়েছিলেন। ২০২৪ সালে সেই ছাত্র-জনতা সেই পরিবর্তন করেছে।
সমাবেশে বৃহত্তর চট্টগ্রামের কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি এবং বান্দরবান জেলা থেকে বিএনপি নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। সমাবেশ ও আশেপাশের এলাকায় দুই শতাধিক মাইক স্থাপন করা হয়। মাঠের বাইরে অবস্থান করা লোকজন এসব মাইকের পাশে বসে তারেক রহমানের বক্তব্য শুনেন।



আপনার মতামত লিখুন