২৯৯নং রাঙ্গামাটি আসনের এমপি এ্যাডভোকেট দীপেন দেওয়ানের পদত্যাগের প্রতিবাদে বিলাইছড়িতে বিক্ষোভ।
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী এ্যাডভোকেট দীপেন দেওয়ানের পদত্যাগপত্র গ্রহণ ও প্রজ্ঞাপন জারির প্রতিবাদে এবং তাকে স্বপদে পুনর্বহালের দাবিতে মঙ্গলবার (২ জুন) সকাল ১০টায় বিলাইছড়ি বাজার প্রাঙ্গণে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক জয়সিন্ধু চাকমার নেতৃত্বে আয়োজিত এই কর্মসূচিতে বক্তারা স্পষ্টভাবে জানান, একজন জননন্দিত নেতা হিসেবে তিনি এমন পরিস্থিতিতে পদত্যাগ করতে পারেন না। নেতাকর্মীদের মতে, এই পদত্যাগ তার ব্যক্তিগত ইচ্ছার প্রতিফলন নয়, বরং কোনো অশুভ মহলের গভীর ষড়যন্ত্রের ফল।

প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সাংগঠনিক সম্পাদক ধনমনি চাকমা, যুবদলের সাধারণ সম্পাদক শান্তি রায় চাকমা (রায়ধন), উপজাতীয় বিষয়ক সম্পাদক দীলিপ কুমার তঞ্চঙ্গ্যা, স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ মামুন, তাঁতী দলের সভাপতি মোঃ কামাল, সাধারণ সম্পাদক মিলন চাকমা ও ইমন চাকমাসহ স্থানীয় বিএনপির অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা এ্যাডভোকেট দীপেন দেওয়ানকে একজন সৎ, সাহসী এবং বলিষ্ঠ নেতৃত্বের অধিকারী হিসেবে অভিহিত করে বলেন, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে তিনি রেকর্ডসংখ্যক ভোটে জয়লাভ করে ইতিহাস সৃষ্টি করেছেন এবং দলমত নির্বিশেষে সর্বস্তরের মানুষের প্রিয়পাত্র হয়ে উঠেছেন। তারা অভিযোগ করেন, কিছু কুচক্রী মহলের ষড়যন্ত্র ও ভুল তথ্যের ভিত্তিতে তাকে শারীরিকভাবে অসুস্থতা দেখিয়ে পদত্যাগে বাধ্য করা হয়েছে, যা এলাকাবাসী মেনে নিতে পারছে না। পরিশেষে, সকল ষড়যন্ত্র প্রতিহত করে তাকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর পদে পুনরায় দায়িত্ব প্রদানের জন্য মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নিকট বিনীত আহ্বান জানান তারা।


আপনার মতামত লিখুন