চবি উপাচার্যকে অবরুদ্ধ করে, হল সংসদের প্রতিনিধিরা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাহজালাল হলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করতে গিয়ে শিক্ষার্থীদের তোপের মুখে পড়েছেন উপাচার্য অধ্যাপক মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার। হলের নানা অব্যবস্থাপনা ও হল সংসদকে অবজ্ঞা করার অভিযোগে উপাচার্যকে তাঁর নিজ গাড়িতে প্রায় ২০ মিনিট অবরুদ্ধ করে রাখেন হল সংসদের প্রতিনিধিরা। এসময় হল প্রভোস্ট অধ্যাপক ফুয়াদ হাসান ছাত্র প্রতিনিধিদের এই ঘটনার জন্য ‘ভুক্তভোগী হতে হবে’ বলে হুমকি দিয়েছেন বলে অভিযোগ উঠেছে।

আজ সোমবার (২৬ জানুয়ারী )সকাল ৯টার দিকে শাহজালাল হলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়। সাড়ে ৯টার দিকে উপাচার্য উপস্থিত হয়ে জাতীয় সংগীতের পর প্রতিযোগিতার উদ্বোধন করেন। অনুষ্ঠান শেষে সকাল ১০টার দিকে ফিরে যাওয়ার সময় হল সংসদের প্রতিনিধিরা হলের বিভিন্ন সমস্যা নিয়ে উপাচার্যের সঙ্গে কথা বলেন । অভিযোগ রয়েছে, উপাচার্য তাঁদের কথা শুনতে না চেয়ে গাড়িতে উঠে পড়লে শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে গাড়ি আটকে দেন। হল সংসদের প্রতিনিধিদের দাবি, শাহজালাল হলের রিডিং রুম, বৈদ্যুতিক সংযোগ ও এক্সটেনশন, মসজিদ, হল সংসদের কার্যালয়, হলের মাঠ, ক্লাব রুম, ডাইনিংসহ সার্বিক সংস্কারের প্রয়োজন।

শাহজালাল হল সংসদের সহ-সভাপতি (ভিপি) মো. আলা উদ্দিন বলেন, ‘আমাদের হলের অনেক সমস্যা রয়েছে। এসব বিষয়ে বারবার জানালেও কার্যকর কোনো পদক্ষেপ দেখা যায়নি।
হল সংসদের সাধারণ সম্পাদক (জিএস) মোহাম্মদ রায়হান বলেন, ‘হলের নিত্যপ্রয়োজনীয় অনেক সুবিধা নেই। রিডিং রুমে পড়ার পরিবেশ নেই, কক্ষগুলো বসবাসের অযোগ্য, ডাইনিংয়ের খাবারের মান ও খারাপ।
কিন্তু আজ ক্রীড়া প্রতিযোগিতার বিষয়েও আমাদের কিছু জানানো হয়নি, যা আমাদের বাধ্য করেছে এই পদক্ষেপ নিতে।



আপনার মতামত লিখুন