যশোরের চৌগাছায় বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই খুন
যশোরের চৌগাছা উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাইয়ের মৃত্যু হয়েছে।
সোমবার (০২ জুন)বিকেলে উপজেলার ধুলিয়ানী ইউনিয়নের শাহাজাদপুর গ্রামে এই ঘটনা ঘটে। মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বড় ভাই পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার শাহাজাদপুর গ্রামের মহিদুল ইসলামের ছেলে সুমন হোসেন (২৫) ও শিহাব উদ্দিন (২১)। সোমবার দুপুরে ছোট ভাই শিহাব উদ্দিন বড় ভাইয়ের কাছে তার বাইসাইকেল নেয়ার কথা বলেন। এ নিয়ে দুই ভায়ের মধ্যে দ্বন্দ্ব বাধে। বিকালে ৩.৩০ মি এর দিকে একই ঘটনা নিয়ে দুই ভাই আবার দ্বন্দ্বে জড়িয়ে পড়েন।
একপর্যায়ে বড় ভাই সুমন হোসেন ঘর থেকে একটি ছুরি বের করে এনে ছোট ভাই শিহাব উদ্দিনের পিঠের বাম পাশে আঘাত করেন। সাথে সাথে শিহাব মাটিতে লুটিয়ে পড়েন। তাকে দ্রুত উদ্ধার করে চৌগছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সজিব হোসেন জানান, ধারণা করা হচ্ছে ছুরির আঘাত তার বুকের গভীরে লেগেছে। ময়না তদন্ত রিপোর্টে বিস্তারিত জানা যাবে। তবে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন ঘটনাটি নিশ্চিত করেছেন। তিনি বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এই হত্যাকান্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে ছুটে যায়। হামলাকারী সুমন হোসেন পালিয়ে গেছেন বলে জানান তিনি। তবে, তাকে আটকের চেষ্টা করা হচ্ছে।



আপনার মতামত লিখুন