রাঙামাটির বিলাইছড়িতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ কর্মসূচি উপলক্ষে এক প্রস্তুতিমূলক আলোচনা সভা ও ক্রীড়া সামগ্রী বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি হাসনাত জাহান খানের সভাপতিত্বে তার কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলার মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও ক্রীড়া শিক্ষকগণ অংশগ্রহণ করেন।

সভায় সিদ্ধান্ত হয় যে, আগামী ২৯ এপ্রিল বিলাইছড়ি মিনি স্টেডিয়ামে নিবন্ধিত প্রতিযোগীদের মধ্য থেকে বাছাই প্রক্রিয়ার মাধ্যমে চূড়ান্ত দল গঠন করা হবে।
তৃণমূল থেকে দক্ষ ক্রীড়াবিদ তৈরির লক্ষ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আয়োজিত এই কর্মসূচিতে ১২-১৪ বছর বয়সী কিশোর-কিশোরীরা মোট ৮টি ইভেন্টে অংশগ্রহণের সুযোগ পাবে। ইভেন্টগুলোর মধ্যে রয়েছে ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, দাবা, সাঁতার ও মার্শাল আর্ট। বিলাইছড়ি উপজেলা থেকে সর্বোচ্চ

সংখ্যক অংশগ্রহণ নিশ্চিত করতে মাইকিংসহ ব্যাপক প্রচারণার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যারা অনলাইনে নিবন্ধন করতে অক্ষম, তাদের সুবিধার্থে উপজেলা পরিষদ মিলনায়তনে বিশেষ বুথ স্থাপন করা হয়েছে এবং যেকোনো তথ্যের জন্য যুব উন্নয়ন অধিদপ্তর অফিসে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে।

আবেদনকারীদের নাগরিকত্ব ও বয়স প্রমাণের জন্য ডিজিটাল জন্মনিবন্ধন, শিক্ষা প্রতিষ্ঠানের প্রত্যয়নপত্র, অভিভাবকের এনআইডি এবং রঙিন ছবিসহ প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে নিবন্ধন সম্পন্ন করতে হবে। তবে বিকেএসপির শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবে না। সভা শেষে অংশগ্রহণকারী শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মাঝে আসন্ন প্রতিযোগিতার প্রস্তুতি হিসেবে বিভিন্ন ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয় এবং কর্মসূচিটি সফল করতে উপজেলা নির্বাহী কর্মকর্তা সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

মো: মোজাফফর আহমেদ, বিলাইছড়ি, রাঙামাটি
প্রকাশের সময়: শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬ । ৬:৫৩ অপরাহ্ণ