শ্রদ্ধা ও ভালোবাসায় বিলাইছড়িতে পালিত হলো মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।

মোঃ মোজাফফার আহমেদ, বিলাইছড়ি প্রতিনিধি, রাঙামাটি
প্রকাশের সময়: শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬ । ৭:৩২ অপরাহ্ণ

রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে পালিত হয়েছে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬। ২১শে ফেব্রুয়ারির প্রথম প্রহরে অর্থাৎ রাত ১২টা ১ মিনিটে বিলাইছড়ি উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার হাসনাত জাহান খান প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে প্রথমে শ্রদ্ধা নিবেদন করেন।

বিজ্ঞাপন

এরপর একে একে মুক্তিযোদ্ধা কমান্ড, বাংলাদেশ পুলিশ, আনসার ও ভিডিপি এবং উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ পুষ্পমাল্য অর্পণ করেন। এছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীরাও পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে ভাষা আন্দোলনের বীর সন্তানদের স্মরণ করেন।

উচ্চতা বৃদ্ধির হিল

দিবসটি উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে ১নং বিলাইছড়ি ইউনিয়ন পরিষদ, বিলাইছড়ি প্রেসক্লাব, বিলাইছড়ি বাজার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।

এছাড়াও বেসরকারি উন্নয়ন সংস্থা হীল ফ্লাওয়ার, পালবার লিং সেন্টার শিশু সদন, মোটর বাইক মালিক সমিতি এবং পার্বত্য পাহাড়ি ছাত্র পরিষদের প্রতিনিধিরা পৃথকভাবে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। উপজেলা নির্বাহী অফিসার হাসনাত জাহান খান তাঁর বক্তব্যে ভাষা আন্দোলনের চেতনাকে ধারণ করে দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন এবং সর্বস্তরে মাতৃভাষার সঠিক ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন।

সম্পাদক: মনজুর আলম, প্রকাশক: আমিন উদ্দীন ।  কপিরাইট © প্রথম সকাল কর্তৃক সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন