বিলাইছড়িতে বিএনপি প্রার্থী দীপেন দেওয়ানের ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ।

মোঃ মোজাফফার আহমেদ, বিলাইছড়ি, রাঙামাটি
প্রকাশের সময়: মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬ । ১০:৪৩ অপরাহ্ণ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাঙামাটির ২৯৯ নং আসনে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট দীপেন দেওয়ানের সমর্থনে বিলাইছড়ি উপজেলায় দিনব্যাপী ব্যাপক নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে বিলাইছড়ি বাজারে লিফলেট বিতরণের মাধ্যমে কর্মসূচির সূচনা করে স্থানীয় বিএনপি কার্যালয়ে নেতাকর্মীদের নিয়ে নির্বাচনী কৌশল ও সাংগঠনিক বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। প্রচারণাকালে দীপেন দেওয়ান এলাকার শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তাকে জয়যুক্ত করার আহ্বান জানান।

 

বিজ্ঞাপনের জন্য কল করুন

কর্মসূচির দ্বিতীয় ভাগে প্রার্থী ও তাঁর সফরসঙ্গীরা দুর্গম ধুপ্যাচর, দীঘলছড়ি এবং পাংখোয়া পাড়া এলাকায় সাধারণ মানুষের দ্বারে দ্বারে গিয়ে ভোট ও দোয়া প্রার্থনা করেন। দুর্গম এলাকা হওয়ায় স্পিড বোট ও পায়ে হেঁটে চালানো এই প্রচারণা স্থানীয় ভোটারদের মধ্যে ব্যাপক উদ্দীপনার সৃষ্টি করে। বিকেলের দিকে সাক্রাছড়ি মুখ ও বহলতলী গ্রামে গণসংযোগ শেষে কেংড়াছড়ি বাজারে এক বিশাল জনসমাবেশ ও লিফলেট বিতরণের মাধ্যমে দিনের কর্মসূচির সফল সমাপ্তি ঘটে। এই সময় জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক প্রার্থীর সাথে উপস্থিত ছিলেন।

প্রচারণা ও পথসভায় উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-উপজাতি বিষয়ক সম্পাদক কর্নেল (অব.) মনীষ দেওয়ান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন, সাবেক প্রার্থী মিসেস মৈত্রী চাকমা, অ্যাডভোকেট মো: মাসুম, অ্যাডভোকেট উজ্জ্বল তঞ্চঙ্গ্যা এবং জেলা মহিলা দলের সভানেত্রী পারুল আক্তার, জেলা যুবদলের আহ্বায়ক নুরুন্নবী, ছাত্রদলের সাধারণ সম্পাদক এবং স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মো: আবু নাছের। এছাড়াও উপজেলা বিএনপির সভাপতি এম এ সালাম ফকির, সাধারণ সম্পাদক মো: জাফর আহাম্মদ, উপজেলা যুবদল সভাপতি মো: রেজাউল করিম রনি, জাসাস দলের সভাপতি মোঃ জাকির হোসেনসহ অঙ্গ-সহযোগী সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ প্রচারণায় অংশ নেন।

সম্পাদক: মনজুর আলম, প্রকাশক: আমিন উদ্দীন ।  কপিরাইট © প্রথম সকাল কর্তৃক সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন