আসন্ন গণভোট-২০২৬ ও জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাঙামাটির বিলাইছড়িতে নারী ভোটারদের সচেতনতা বৃদ্ধি ও ভোটকেন্দ্রে অংশগ্রহণ নিশ্চিতকরণে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) উপজেলার কেংড়াছড়ি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে উপজেলা প্রশাসন ও জাতীয় মহিলা সংস্থার যৌথ উদ্যোগে এই বৈঠকের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধানত গ্রামীণ নারীদের ভোটাধিকারের গুরুত্ব এবং নির্বাচনের দিন নির্ভয়ে কেন্দ্রে গিয়ে ভোট প্রদানের বিষয়ে উৎসাহিত করা হয়।

বৈঠকে গণভোটের বিষয়বস্তু ও এর তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন বিলাইছড়ি উপজেলা প্রেসক্লাব সভাপতি ও দৈনিক বাংলাদেশ বুলেটিন প্রতিনিধি পুষ্প মোহন চাকমা এবং উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ সালেহ আহমদ ভুঁইয়া। জাতীয় মহিলা সংস্থার অফিস সহকারী (সাঁট-মুদ্রাক্ষরিক ও কম্পিউটার অপারেটর) সাধন তঞ্চঙ্গ্যার সঞ্চালনায় সভায় বক্তারা গণতান্ত্রিক প্রক্রিয়ায় নারীদের সক্রিয় অংশগ্রহণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

মোঃ মোজাফফার আহমেদ, বিলাইছড়ি, রাঙামাটি
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬ । ১২:৩৮ পূর্বাহ্ণ