রাঙ্গামাটি পার্বত্য জেলার বিলাইছড়ি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে গত ২০ জানুয়ারি এক গুরুত্বপূর্ণ মাসিক সমন্বয় সভা ও অবহিতকরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রাইমারি এডুকেশন ট্রেনিং সেন্টার কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এই সভায় প্রধান আলোচ্য বিষয় ছিল ‘গণভোট ২০২৬’ এবং ‘জুলাই সনদ’ সম্পর্কে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বিস্তারিত অবহিত করা। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন কেংড়াছড়ি জোন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুদেব কুমার দাশ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিলাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসনাত জাহান খান। তিনি তার বক্তব্যে জাতীয় গুরুত্বসম্পন্ন ‘জুলাই সনদ’ ও আগামী দিনের প্রশাসনিক কার্যক্রম বাস্তবায়নে শিক্ষকদের সক্রিয় ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। তিনি শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন এবং সরকারি নির্দেশনা বাস্তবায়নে শিক্ষকদের সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রাখার আহ্বান জানান।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ইন্সট্রাক্টর মোহাম্মদ বখতেয়ার হোসেন এবং উপজেলা নির্বাচন কর্মকর্তা সালেহ আহমদ। বিশেষ অতিথিবৃন্দ গণভোট ২০২৬-এর প্রেক্ষাপট এবং শিক্ষক সমাজের করণীয় সম্পর্কে কারিগরি ও প্রশাসনিক দিকনির্দেশনা প্রদান করেন। তারা শিক্ষার গুণগত মান বৃদ্ধির পাশাপাশি রাষ্ট্রীয় দায়িত্ব পালনে শিক্ষকদের সচেতন থাকার পরামর্শ দেন।
উপজেলা ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নিরালা কান্তি চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন। সমাপনী বক্তব্যে সভাপতি সভার আলোচিত সিদ্ধান্তসমূহ যথাযথভাবে পালনের নির্দেশনা দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। পুরো আয়োজনটি অত্যন্ত সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার জন্য তিনি সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

নিজস্ব সংবাদদাতা , বিলাইছড়ি, রাঙামাটি
প্রকাশের সময়: বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬ । ১২:২৫ পূর্বাহ্ণ