বিএনপি থেকে বহিস্কৃত ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ-বিজয়নগর আংশিক) আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানার বিরুদ্ধে নির্বাচনী আচরনবিধি লঙ্ঘনের পাশাপাশি ‘মব’ সৃষ্টির অভিযোগ করা হয়েছে। সহকারী রিটার্নিং অফিসার ও সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবু বকর সরকার স্বাক্ষরিত এক চিঠিতে এই অভিযোগ আনা হয়। নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি এবং সিনিয়র সিভিল জজ আশরাফুল ইসলামের কাছে গত শনিবার এই চিঠি পাঠিয়ে আইনি ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

চিঠিতে অভিযোগ করা হয়, সরাইলের ইসলামাবাদ গ্রামে জনসমাবেশের আয়োজন করেন রুমিন ফারহানা, যা নির্বাচন আচরণবিধির লঙ্ঘন। তাৎক্ষণিকভাবে সমাবেশ ভেঙ্গে দিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়া হাসান খানের ভ্রাম্যমাণ আদালত জুয়েল মিয়া নামে একজনকে ৪০ হাজার টাকা জরিমানা করেন। এ সময় রুমিন ফারহানা নির্বাহী ম্যাজিস্ট্রেটকে বৃদ্ধাঙ্গুল প্রদর্শন এবং আঙ্গুল উঁচিয়ে হুমকি দেন।
চিঠিতে আরও অভিযোগ করা হয়, এ সময় রুমিন ফারহানার সঙ্গে থাকা জুয়েল মিয়াসহ অন্যরা মারমুখী আচরণ করেন। এতে ‘মব’ সৃষ্টি করে বিচারিক কাজে বাধা এবং কর্তব্যরত ম্যাজিস্ট্রেটকে হুমকি দেন, যা নির্বাচনী আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন। চিঠিতে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওর একটি লিঙ্কও উল্লেখ করা হয়।
নিরপেক্ষ না থাকলে যে কোন আসনে ৫ আগেস্ট ঘটতে পারে: ব্যারিস্টার রুমিন ফারহানা নির্বাচন সংশ্লিষ্টদেরকে ইঙ্গিত করে ৫ আগস্টের কথা মনে রাখতে বলেছেন।
আজ (১৮ই জানুয়ারী) বিকেলে সরাইলের কালীকচ্ছে মতবিনিময়ের সময় তিনি বলেন, আশাকরি প্রশাসন, পুলিশ, কমিশন, সরকার নিরপেক্ষ ভূমিকা পালন করবে। কাউকে ডান চোখ, কাউকে বাম চোখে দেখবেন না। আপনাদের ৫ আগস্টের কথা মনে রাখতে হবে। নিরপেক্ষ না থাকলে সারাদেশে যেমন ৫ আগস্ট হয়েছিল, তেমনি যেকোনো আসনে ৫ আগস্ট ঘটতে পারে।

নিজস্ব সংবাদদাতা, ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশের সময়: সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬ । ১:৪০ অপরাহ্ণ