যশোর জেলা যুবলীগ নেতা ও যশোর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বহুল আলোচিত সাবেক কাউন্সিলার জাহিদ হোসেন মিলন ওরফে টাক মিলনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শুক্রবার মধ্যরাতে রাজধানীর রামপুরা এলাকা থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন যশোর গোয়েন্দা পুলিশের পরিদর্শক (ইন্সপেক্টর) মোহাম্মদ আলী।ডিবি পুলিশ জানায়, টাক মিলনের বিরুদ্ধে হত্যা, বিস্ফোরক আইনে মামলাসহ অন্তত ১৪টি মামলা রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো—২০১৮ সালের ২৮ সেপ্টেম্বর রাতে যশোর শহরের পুরাতন কসবা কাজীপাড়া এলাকায় যুবলীগ কর্মী শরিফুল ইসলাম সোহাগকে গুলি ও কুপিয়ে হত্যার মামলা।

পুলিশের অভিযোগ অনুযায়ী, যশোর শহরের পালবাড়ির রয়েল কমিউনিটি সেন্টারে দীর্ঘদিন ধরে ক্যাসিনো ও জুয়া ব্যবসা পরিচালনার সঙ্গেও মিলনের নাম জড়িয়ে আছে। মূলত ক্যাসিনোবিরোধী ও শুদ্ধি অভিযানের সময়ই তার বিরুদ্ধে এসব অভিযোগ প্রকাশ্যে আসে।

মো: আর কবির, যশোর
প্রকাশের সময়: শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫ । ৫:০৭ অপরাহ্ণ