অতিবৃষ্টিজনিত কারণে সম্ভাব্য পাহাড়ধসের ঝুঁকি মোকাবিলায় রাঙামাটির বিলাইছড়িতে ব্যাপক সচেতনতামূলক মাইকিং কার্যক্রম পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার প্রধান সড়ক ও বিভিন্ন জনবহুল এলাকায় এই কার্যক্রম চালানো হয়।
আজ দুপুর ১২টা ৩০ মিনিট থেকে বেলা ২টা পর্যন্ত বিলাইছড়ি বাজার থেকে শুরু করে উপজেলা সদর ও প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ করে এই প্রচার চালানো হয়। এ সময় জনগণকে পাহাড়ের পাদদেশে বা অন্যান্য ঝুঁকিপূর্ণ স্থানে বসবাস না করার আহ্বান জানানো হয়। এছাড়া টানা ও ভারী বর্ষণের সময় দ্রুত নিরাপদ আশ্রয়ে সরে যাওয়া এবং প্রয়োজনবোধে উপজেলা প্রশাসন নির্ধারিত সরকারি আশ্রয়কেন্দ্রে যাওয়ার জন্য সবাইকে পরামর্শ দেওয়া হয়েছে।

01830 393439
জরুরি পরিস্থিতিতে আতঙ্কিত না হয়ে স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে তাৎক্ষণিক যোগাযোগ করার জন্য বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে। জনসচেতনতামূলক এই কার্যক্রমে বিলাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাকির হোসেন, বিলাইছড়ি থানার প্রতিনিধি, রেড ক্রিসেন্ট এর দল এবং স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত থেকে দিকনির্দেশনা প্রদান করেন।

মোঃ মোজাফফর আহমেদ, বিলাইছড়ি
প্রকাশের সময়: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬ । ৪:০৩ অপরাহ্ণ