যুক্তরাষ্ট্র-ইসরায়েল যৌথ হামলায় ইরানে প্রথম আঘাত হানে গত শনিবার সকাল নয়টার পর। মঙ্গলবার সকালে এই সংঘাতের ৭২ ঘণ্টা পেরিয়ে গেছে। পাল্টাপাল্টি হামলা চলছে। জড়িত তিনটি দেশ কেউ এখনও সংঘাত বন্ধের কোনো ইঙ্গিত দেয়নি।

০১৮৩০ ৩৯৩৪৩৯
আলজাজিরা ও বিবিসির ওয়েবসাইটে লাইভ এর তথ্য মতে , চতুর্থ দিনে মধ্যপ্রাচ্যজুড়ে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার অব্যাহত রেখেছে। সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরায় তেল শিল্প অঞ্চলে একটি ড্রোনের বিধ্বস্ত হয়ে আগুন ধরে যায়। ইসরায়েলের সীমান্তবর্তী এলাকা থেকে লেবানন তাদের কয়েকটি ইউনিটের সেনা সরিয়ে নিয়েছে।
পশ্চিম ইরানের একটা শহরে যৌথ শক্তির হামলায় অন্তত ৫ ইরানি নিহতের খবর পাওয়া গেছে। আহত হয়েছেন ২৫ জন। অন্যদিকে কেরমান প্রদেশে নিহত অন্তত ১৩ ইরানি সেনা। ইরানি রেড ক্রিসেন্ট জানিয়েছে, দেশটিতে নিহতের সংখ্যা ৭৮০ জনে দাঁড়িয়েছে।
সংঘাতের উল্লেখযোগ্য কয়েকটি ঘটনা তুলে ধরা হলো:

মার্কিন ঘাঁটি ধ্বংস বাহরাইনে
বাহরাইনের শেখ ইসা এলাকায় একটি মার্কিন বিমানঘাঁটিতে হামলা চালানোর দাবি করেছে ইরান। হামলায় যুক্তরাষ্ট্রের একটি বিমানঘাঁটি ধ্বংস হয়েছে। প্রকাশিত ফুটেজে দেখা গেছে, দূরবর্তী লক্ষ্যবস্তুতে একের পর এক রকেট বিস্ফোরিত হচ্ছে।
যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে একটি কমান্ড ও স্টাফ বিল্ডিং ধ্বংস হয়েছে। জ্বালানির ট্যাংকে বিস্ফোরণ ঘটেছে। তবে ঘটনা সম্পর্কে যুক্তরাষ্ট্র এখনও কোনো মন্তব্য করেনি।
জ্বালানি উৎপাদন স্থগিত
ওমানের নিকটবর্তী দেশ কাতারে সোমবার থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) উৎপাদন বন্ধ করে দেওয়া হয়েছে। যা বিশ্বের মোট সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ। দেশটির বেশ কিছু স্থাপনায় ইরানি হামলার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। সৌদি আরবও তাদের অন্যতম বৃহত্তম অভ্যন্তরীণ শোধনাগারে উৎপাদন বন্ধ রেখেছে।
দ্রুত দাম বাড়ছে
ইউরোপের বেঞ্চমার্ক গ্যাসের দাম মঙ্গলবার ৩৩ শতাংশ বেড়েছে। অন্যদিকে যুক্তরাজ্যের বেঞ্চমার্ক গ্যাসের দামও বেড়েছে ৩০ শতাংশ। উভয় বাজারেই এখন ২০২৩ সালের জানুয়ারির পর থেকে সর্বোচ্চ মূল্যে গ্যাস লেনদেন হচ্ছে।
ট্রেডিং এর তথ্য অনুযায়ী, সীমিত মজুত সক্ষমতা এবং আমদানির ওপর অত্যধিক নির্ভরশীলতার কারণে যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশ বিশেষভাবে ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে।
তেহরানে বিস্ফোরণ
ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ দাবি করেছে, তারা ইসরায়েলের তিনটি সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে। গোষ্ঠীটির দাবি, লেবাননের ডজনখানেক শহর ও জনপদ লক্ষ্য করে চালানো ইসরায়েলি আগ্রাসনের জবাবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
তিনটি পৃথক পোস্টে হিজবুল্লাহ জানিয়েছে, তারা গোলান মালভূমির নাফাহ ঘাঁটিতে বিশাল ক্ষেপণাস্ত্র বর্ষণ করেছে। এছাড়া উত্তর ইসরায়েলের মেরন এবং রামাত ডেভিড বিমান ঘাঁটিতে ড্রোন দিয়ে হামলা করেছে। ইসরায়েলি সামরিক বাহিনী এখন পর্যন্ত এই দাবির বিষয়ে মন্তব্য করেনি।
সৌদিতে মার্কিন দূতাবাসে হামলা

রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাসে দুটি ড্রোন হামলা চালানো হয়েছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রাথমিকভাবে এ তথ্য নিশ্চিত করেছে। এক্স-এ প্রকাশিত এক বিবৃতিতে প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, এ ঘটনায় সীমিত মাত্রার অগ্নিকাণ্ড এবং ভবনের সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে।
এ হামলার প্রতিক্রিয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, কঠোর জবাব দেওয়া হবে।
আনুষ্ঠানিকভাবে হরমুজ প্রণালী বন্ধ
জ্বালানি সরবরাহের অন্যতম জলপথ হরমুজ প্রণালী অনুষ্ঠানিকভাবে বন্ধের কথা জানিয়েছে ইরানের বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি)। ইরানের সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, এই পথ দিয়ে সব ধরনের জাহাজ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। আইআরজিসি হুঁশিয়ারি দিয়েছে, কোনো জাহাজ পথটি অতিক্রমের চেষ্টা করলে হামলা চালানো হবে।
দ্রুতই সর্বোচ্চ নেতা নির্ধারণী নির্বাচন
ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতার নাম দ্রুত ঘোষণা করা হবে বলে জানিয়েছেন অ্যাসেম্বলি অব এক্সপার্টস বা বিশেষজ্ঞ পরিষদের এক সদস্য। এ দায়িত্বে থাকা পরিষদের এক সদস্য দেশটির সংবাদ সংস্থা আইএসএনএ-কে বলেছেন, এই নির্বাচন প্রক্রিয়া দীর্ঘায়িত হবে না।
আলি মোয়াল্লেমি নামের ওই সদস্য বলেন, বিশেষজ্ঞ পরিষদের সদস্যরা শপথ নিয়েছেন যে নতুন নেতা নির্বাচনের ক্ষেত্রে কোনো ব্যক্তির প্রতি ‘ব্যক্তিগত পছন্দ’ কিংবা রাজনৈতিক ও দলীয় গোষ্ঠীস্বার্থ ভূমিকা রাখবে না। তারা কেবল নিজেদের বিচারবুদ্ধি ও ধর্মীয় নীতিমালার ওপর ভিত্তি করে ভোট দেবেন।
নাগরিকদের মধ্যপ্রাচ্য ছাড়ার আহ্বান
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর তাদের নাগরিকদের ১৪টি দেশ অবিলম্বে ছেড়ে যাওয়ার জন্য সতর্ক করেছে। কনস্যুলার বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী মোরা নামদার সামাজিক যোগাযোগের মাধ্যমে লিখেছেন, ‘গুরুতর ঝুঁকির’ কারণে পররাষ্ট্র দপ্তর মার্কিন নাগরিকদের যত দ্রুত সম্ভব, যে পরিবহনব্যবস্থা আছে তা ব্যবহার করে ১৪টি দেশ থেকে বেরিয়ে যেতে বলছে। এর মধ্যে বাহরাইন, মিসর, ইরান, ইরাক, ইসরায়েল ও ফিলিস্তিনি ভূখণ্ড, জর্ডান, কুয়েত, লেবানন, ওমান, কাতার, সৌদি আরব, সিরিয়া, সংযুক্ত আরব আমিরাত এবং ইয়েমেন।

প্রথম সকাল প্রতিবেদক
প্রকাশের সময়: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬ । ৬:০৫ অপরাহ্ণ