রাঙ্গামাটি পার্বত্য জেলার বিলাইছড়ি উপজেলার ২নং কেংড়াছড়ি ইউনিয়নের ২নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ কাসেম মেম্বারের (পিতা- মৃত শামসুল হক) বসতবাড়িতে আজ রাত আনুমানিক ১২:৪৫ মিনিটে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই ঘটনায় কাসেম মেম্বারের বসতবাড়িটি সম্পূর্ণ ভস্মীভূত হওয়ার পাশাপাশি আশেপাশের আরও তিন থেকে চারটি দোকান আংশিক পুড়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।

পরিবারের সদস্য মোসাঃ বিথীর ভাষ্যমতে, গভীর রাতে হঠাৎ মশারিতে আগুন দেখে তারা জেগে ওঠেন, তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। পরিবারের আরেক সদস্য মোসাঃ পারভীন জানান, ঘুম থেকে উঠে তিনি প্রথমে রান্নাঘরের চালের ওপর আগুন জ্বলতে দেখেন। মুহূর্তের মধ্যে আগুনের শিখা চারদিকে ছড়িয়ে পড়লে ঘরের ভেতরে থাকা নগদ টাকা ও মূল্যবান আসবাবপত্র বের করার কোনো সুযোগ মেলেনি। পরনের এক কাপড়ে কোলের শিশুদের নিয়ে কোনোমতে জীবন বাঁচিয়ে তারা ঘর থেকে বেরিয়ে আসেন।
অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই বিলাইছড়ি জোন (বাংলাদেশ সেনাবাহিনী) এর একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে। সেনাসদস্যরা স্থানীয়দের সহযোগিতায় প্রাণপণ চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তাদের তাৎক্ষণিক পদক্ষেপের কারণে আগুন আরও ছড়িয়ে পড়া রোধ করা সম্ভব হলেও, কাসেম মেম্বারের বসতবাড়ি এবং পাশের দোকানগুলোর বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো যায়নি। এই অগ্নিকাণ্ডে পরিবারটি বর্তমানে সম্পূর্ণ নিঃস্ব অবস্থায় রয়েছে।

নিজস্ব প্রতিবেদক, বিলাইছড়ি, রাঙামাটি
প্রকাশের সময়: মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬ । ১২:৪৫ অপরাহ্ণ