প্রধান উপদেষ্টার সাথে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ

অপূর্ব, ঢাকা
প্রকাশের সময়: শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬ । ১২:১৪ পূর্বাহ্ণ

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

আজ বৃহস্পতিবার (১৫ই জানুয়ারী)সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সাক্ষাৎ করেন। তারেক রহমানের সঙ্গে ছিলেন তার স্ত্রী ডা. জুবাইদা রহমান ও মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান।

এর আগে সন্ধ্যা ৬টা ৪২ মিনিটে গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয় থেকে বের হয়ে বাসভবনে যান তারেক রহমান। সেখান থেকে  ৬টা ৫২ মিনিটে যমুনার উদ্দেশে রওনা হন তিনি।

বিজ্ঞাপনের জন্য কল করুন

যুক্তরাজ্যে ১৭ বছরের নির্বাসিত জীবন কাটিয়ে গত ২৫ ডিসেম্বর দেশে ফেরেন তারেক রহমান। গত ৩০ ডিসেম্বর সাবেক প্রধানমন্ত্রী  খালেদা জিয়া ইন্তেকাল করেন। এরপর গত ৯ জানুয়ারি বিএনপি চেয়ারম্যান হন তারেক রহমান। বিএনপির সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে সর্বসম্মতিক্রমে তারেক রহমানকে দলের সর্বোচ্চ পদে দায়িত্ব দেওয়া হয়।

গত বছরের ১৩ জুন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস লন্ডন সফরকালে তার সঙ্গে তারেক রহমানের একান্ত বৈঠক হয়। তখন তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলেন। লন্ডনের ডরচেস্টার হোটেলে দু’জনের সেই বৈঠকের পর উভয়পক্ষের প্রতিনিধি যৌথ বিবৃতি দেন।

কিন্তু বিএনপি চেয়ারম্যান হিসেবে আজ তারেক রহমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করলেন।

সম্পাদক: মনজুর আলম, প্রকাশক: আমিন উদ্দীন ।  কপিরাইট © প্রথম সকাল কর্তৃক সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন