চট্টগ্রাম নগরীর যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে আগামী ১ বছরের মাধ্যমে ৫০টি গুরুত্বপূর্ণ সড়ক নির্মাণ করার ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন।
শুক্রবার ২৯ নং পশ্চিম মাদারবাড়ী ওয়ার্ডস্থ ডিটি রোডের সৌন্দর্য বর্ধন ও উন্নয়ন প্রকল্পের উদ্বোধনকালে এ ঘোষণা দেন মেয়র।
মেয়র বলেন, চট্টগ্রামের বাণিজ্যিক সুবিধা ও বিনিয়োগ বাড়াতে নগরীর ৫০টি গুরুত্বপূর্ণ সড়ক নির্মাণ করার মাধ্যমে নগরীর যোগাযোগ ব্যবস্থাকে ঢেলে সাজানো হবে। এছাড়া নগরীর আলোকায়ন ও ট্রাফিক ম্যানেজমেন্ট উন্নয়নেও উদ্যোগ নেয়া হচ্ছে।
মেয়র জানান, ৬ কোটি ৩১ লাখ টাকা ব্যয়ের প্রকল্পটিতে ক্লিন, গ্রীন, হেলদি ও সেইফ সিটি নির্মাণের অংশ হিসাবে সড়কটিতে পূর্বের অযাচিত মালামাল সরিয়ে মূল সড়কের সংস্কার করে সম্পূর্ণ সড়ক বিটুমিনাস কার্পেটিং করা হয়। জনসাধারণের নিরাপদে চলাচলের জন্য ৫০০ মিটার ড্রেইন, আরসিসি স্ল্যাব ও ফুটপাত নির্মাণ করা হয় এবং সৌন্দর্য বর্ধনের জন্য পেভমেন্ট টাইলস, কার্ব স্টোন ও রং করা হয়। গ্রীন সিটির অংশ হিসাবে ৪০০ মিটার মিডিয়ান সংস্কার করে গাছ লাগানো হয়। নিরাপত্তার অংশ হিসাবে গাড়ির নিরাপদ লেইন বোঝার জন্য রোড মার্কিং, জেব্রা ক্রসিং ও ক্যাটস আই বসানো হয় বলে আমাদের গণমাধ্যম কর্মীদের জানান মেয়র ডাঃ শাহাদাত হোসেন মহোদয়।।

শেখ শহীদুল হক বাবলু নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম
প্রকাশের সময়: রবিবার, ৯ নভেম্বর, ২০২৫ । ৬:৩১ পূর্বাহ্ণ