বিলাইছড়ি (রাঙামাটি): ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে রাঙামাটির বিলাইছড়ি উপজেলাধীন বিলাইছড়ি ইউনিয়নের নলছড়ি নিরিবিলি কুটিরে কঠিন চীবর দান অনুষ্ঠান উদযাপন করা হয়েছে। বৌদ্ধ ধর্মালম্বীদের অন্যতম শ্রেষ্ঠ এ দানোৎসবের আয়োজন করে নলছড়ি নিরিবিলি কুটির পরিচালনা কমিটি।
শুক্রবার (২৪ অক্টোবর, ২০২৫) সকাল ৯টা থেকে শুরু হওয়া এই অনুষ্ঠানে প্রধান ভ্রান্তেসহ বৌদ্ধ ধর্মালম্বী প্রায় ৩০০ থেকে ৩৫০ জন পুণ্যার্থী অংশ নেন। চীবর দান উপলক্ষে দিনব্যাপী নানা ধরনের ধর্মীয় ও সাংস্কৃতিক কার্যক্রম অনুষ্ঠিত হয়।
বৌদ্ধ ভিক্ষুদের পরিধেয় বস্ত্র ‘চীবর’ দানের এই মহান উৎসবে ধর্মপ্রাণ মানুষের ঢল নামে। পুণ্যের আশায় দূর-দূরান্ত থেকে ভক্তরা বিহারে এসে কঠিন চীবর দানসহ অন্যান্য সামগ্রী দান করেন।
সারাদিনের অনুষ্ঠান কার্যক্রম শেষে সন্ধ্যা ৬টার দিকে কঠিন চীবর দান অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। শান্তিপূর্ণ পরিবেশে এই ধর্মীয় উৎসব উদযাপিত হওয়ায় নলছড়ি নিরিবিলি কুটির পরিচালনা কমিটির পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানানো হয়েছে।

মোঃ মোজাফফর আহমেদ, বিলাইছড়ি উপজেলা
প্রকাশের সময়: শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫ । ৯:০৩ অপরাহ্ণ