যশোরের চৌগাছায় পৌর শহরের জমিজমা সংক্রান্ত বিরোধে সংঘর্ষে তিন নারী আহত হয়েছেন।
মঙ্গলবার ৭ অক্টোবর, রাতে পৌর শহরের পাঁচনামনা এলাকায় এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে পাঁচনামনা এলাকার মৃত মাহাতাব উদ্দিনের মেয়ে সপ্না খাতুন (২৭), মৃত মাহাতাব উদ্দিনের স্ত্রী আম্বিয়া বেগম (৫৯), শিমুল হোসেনের স্ত্রী ফাতেমা বেগম (২৫), চৌগাছা সরকারি মডেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহতদের মধ্যে সপ্না খাতুনের অবস্থা আশঙ্কা জনক।
এ ঘটনায় আম্বিয়া বেগম বাদী হয়ে থানায় একটি লিখিত আভিযোগ দায়ের করেছেন।
জানা গেছে , জমিজমা সংক্রান্ত বিরোধ নিয়ে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে গোলযোগ চলে আসছিলো । ঘটনার দিন রাতে সন্ত্রাসীরা জোরপূর্বক জমির সিমানা প্রাচীর ভেঙ্গে জমি দখলের চেষ্টা করে। বাঁধা দিলে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে তিন নারী আহত হন
আহত ফাতেমা বেগম হাসপাতালে সাংবাদিকদের বলেন, পাঁচনামনা গ্রামের তাইজেল হোসেনের ছেলে যুবলীগ নেতা সুমির হোসেন, তাইজেল হোসেনের স্ত্রী মঞ্জুরা বেগম, সুমন হোসেনের স্ত্রী সীমা খাতুন ও মৃত জামাল উদ্দিনের স্ত্রী আনজেরাসহ ১০ থেকে ১২ জন সন্ত্রাসী লোহার রড, হাঁসুয়া,চাইনিজ কুড়াল,গাছিদা ও বাঁশের লাঠি নিয়ে আমাদের উপর হামলা চালায়। এ সময় সন্ত্রাসীরা আমাদের এলোপাতাড়ি ভাবে কুপিয়ে মারাত্মক আহত করে।
সন্ত্রাসীরা আমাদের হাসপাতালে চিকিৎসার জন্য যেতে বাঁধা দেয়। পরে ৯৯৯ কল দিলে পুলিশ এসে আমাদের উদ্ধার করে চৌগাছা উপজেলা সরকারী মডেল হাসপাতালে ভর্তি করে।
হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক বলেন, আহতদের মধ্যে স্বপ্না খাতুনের অবস্থা আশঙ্কা জনক।
চৌগাছা থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন বলেন, ঘটনা শুনেছি। অভিযোগ পেয়েছি আইনি প্রক্রিয়া চলছে।খুব দ্রুত আমরা ব্যবস্থা নেবো।

স্টাফ রিপোর্টার, চৌগাছা, যশোর।
প্রকাশের সময়: বুধবার, ৮ অক্টোবর, ২০২৫ । ১:১৩ পূর্বাহ্ণ