বাংলাদেশ জামায়াতে ইসলামী ঘোষিত ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে দেশব্যাপি বিক্ষোভ কর্মসূচী ঘোষণা করে।
কর্মসূচী বাস্তবায়নে বাংলাদেশ জামায়াতে ইসলামী ফুলবাড়ী উপজেলা শাখা আয়োজিত বিক্ষোভ মিছিলে হাজার হাজার মানুষ অংশগ্রহণ করে। আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত দিনাজপুর ৫ আসনে জামায়াতের উত্থানের জানান দেয় মিছিলটি।
শুক্রবার বিকেলে পৌর শহরের ফুলবাড়ী বাসস্ট্যান্ড জামে মসজিদ থেকে আছরের নামাজের পর এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা জামায়াতের আমির মাওলানা হাবিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াত মনোনীত দিনাজপুর ৫ (পার্বতীপুর-ফুলবাড়ী) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আনোয়ার হোসেন।
সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, যারা বলেন জামায়াত নির্বাচন চায়না তারা বোকার স্বর্গে বাস করেন। সারাদেশে ৩শ প্রার্থী ঘোষণা করেছে একমাত্র জামায়াত; যা অন্য কোন দল করতে পারেনি। তিনি সরকারকে অনুরোধ করেন ৫ দফা মেনে নিতে। অন্যথায় কঠোর আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করা হবে।
এসময়, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মঞ্জুরুল ইসলাম, জেলা ইউনিট সদস্য ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মনজুরুল কাদের বাবু, সুলতানুল আলম, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা মিজানুর রহমান সহ উপজেলা ও পৌর শাখার বিভিন্ন ইউনিটের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

মোঃ সামিউল ইসলাম, দিনাজপুর
প্রকাশের সময়: শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫ । ৩:৩৫ অপরাহ্ণ