চট্টগ্রামের রাউজান উপজেলার পশ্চিম গুজরায় অবস্থিত শ্রী শ্রী রক্ষাকালী মন্দির পরিচালনা পরিষদের নবনির্বাচিত কার্যকরী কমিটির অভিষেক ও বিশ্বশান্তি শ্রী চণ্ডীযজ্ঞ উদযাপন উপলক্ষে বিগত ১৮ জুলাই শুক্রবার দিনব্যাপী এক বর্ণাঢ্য অনুষ্ঠানমালার আয়োজন করা হয়।
অনুষ্ঠানের সূচনা হয় মঙ্গলপ্রদীপ প্রজ্বালনের মাধ্যমে। এরপর অনুষ্ঠিত হয় শতকণ্ঠে গীতাপাঠ, নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠান। একইসাথে মানব জাতির কল্যাণ ও বিশ্বশান্তি কামনায় আয়োজিত হয় শ্রী চণ্ডীযজ্ঞ এবং সর্বশেষে অন্নপ্রসাদ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রবাল কৃষ্ণ দে মহোদয় ও অর্থ সম্পাদক সনজিত ধর (বাপ্পু)মহোদয় , সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন অসীম পারিয়াল মহোদয় ।
পুরো অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন বাবু পরমেশ ধর।
শতকণ্ঠ গীতাপাঠ পরিচালনা করেন অমিত পারিয়াল, শ্রী শ্রী রক্ষাকালী বৈদিক বিদ্যাপীঠের পক্ষ থেকে।
বিশ্বশান্তি চণ্ডীযজ্ঞ পরিচালনা করেন শংকরমঠ ও মিশনের উপাধ্যক্ষ শ্রীমৎ স্বামী মুক্তানন্দ গিরি মহারাজ ও তাঁর দল।
শপথ বাক্য পাঠ করান ও প্রধান আলোচক হিসেবে বক্তব্য প্রদান করেন চণ্ডীতীর্থ মেধস আশ্রমের সভাপতি অধ্যাপক স্বদেশ চক্রবর্ত্তী মহোদয় ।
নবনির্বাচিত কার্যকরী কমিটির উপদেষ্টা পরিষদ ও ৪৩ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
উক্ত মহতী আয়োজনে দূর-দূরান্ত থেকে আগত হাজার হাজার নর-নারী ভক্তবৃন্দ উপস্থিত থেকে অনুষ্ঠানকে সফল ও প্রাণবন্ত করে তোলেন। ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ এই আয়োজন রাউজানবাসীর মাঝে আনে এক আত্মিক প্রশান্তি ও ভক্তিময় পরিবেশ সৃষ্টি করে বলে আমাদের নিজস্ব প্রতিনিধিকে জানায় আয়োজক বৃন্দ।।

শেখ শহীদুল হক বাবলু , চট্টগ্রাম
প্রকাশের সময়: রবিবার, ২০ জুলাই, ২০২৫ । ১০:৫০ অপরাহ্ণ